বিনোদন – ৭ এপ্রিল Technicians Studio-তে ডাকা হয়েছিল এক গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং টিভি প্রযোজকদের প্রতিনিধিরা। বৈঠকে প্রয়াত অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যু এবং শুটিং চলাকালীন শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। পাশাপাশি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স ও অরগ্যানিকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
এই পরিস্থিতিতে আবারও নতুন করে বৈঠক ডাকা হয়েছে। আগামী ১২ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত একই স্থানে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে মূলত Rahul Arunoday Banerjee-র মৃত্যুর প্রেক্ষাপট এবং শিল্পীদের নিরাপত্তা বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। পাশাপাশি নিষিদ্ধ প্রযোজনা সংস্থাগুলির উপর থেকে ব্যান উঠবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে উঠে আসতে পারে।
এই বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আর্টিস্ট ফোরামের সভাপতি Ranjit Mallick, কার্যকরী সভাপতি Prosenjit Chatterjee এবং সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। ফোরামের সমস্ত সদস্যদের উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে ব্যান করার সিদ্ধান্তের পর থেকেই শিল্পী ও কলাকুশলীদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে, Rahul Arunoday Banerjee-র মৃত্যু নিয়ে প্রযোজনা সংস্থার কাছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কোনও সদুত্তর দেয়নি। বরং আইনি পথে এগোনোর কথা জানিয়েছে সংস্থা।
এই অবস্থায় ফোরামের সদস্যরা একত্রিত হয়ে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। তাঁদের বক্তব্য, এটি কোনও হঠকারী সিদ্ধান্ত নয়, বরং এক সহকর্মীর মৃত্যুর প্রকৃত কারণ জানার এবং ন্যায়বিচারের দাবিতে নেওয়া পদক্ষেপ। তদন্তের স্বার্থে সব তথ্য এই মুহূর্তে প্রকাশ করা না হলেও ভবিষ্যতে সদস্যদের সব জানানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।


















