বিনোদন – সমস্যা যেন রাজ চক্রবর্তীর পিছু ছাড়ছেই না। কিছুদিন আগেই স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মেসি-কাণ্ডে তীব্র ট্রোলের মুখে পড়েছিলেন। সেই সময় থানায় পর্যন্ত যেতে হয়েছিল বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীকে। এর রেশ কাটতে না কাটতেই ফের এক বড় সমস্যার সম্মুখীন হলেন তিনি।
আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা রাজ পরিচালিত নতুন ছবি ‘হোক কলরব’-এর। কিন্তু মুক্তির আগেই ছবিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লিপ সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে আপাতত চরম উদ্বেগে রয়েছেন পরিচালক। অনৈতিক জেনেও ওই ক্লিপগুলি শেয়ার করা হচ্ছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আগেই সবাইকে সতর্ক করেছিলেন রাজ, অনুরোধ করেছিলেন যেন কেউ এই ধরনের লিঙ্ক শেয়ার না করেন।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যম দ্য ওয়ালের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ চক্রবর্তী জানান, এই কাজ বাইরের কেউ নয়, বরং ছবির সঙ্গে যুক্ত ভেতরের কেউই করেছেন। তাঁর কথায়, অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিতও করা হয়েছে, তবে উপযুক্ত প্রমাণ হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না তিনি। আপাতত তাঁর একটাই আবেদন— কেউ যেন ওই ক্লিপ শেয়ার না করেন।
সমাজমাধ্যমেও এ নিয়ে মুখ খুলেছেন পরিচালক। একটি পোস্টে তিনি লেখেন, “আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই লিঙ্কটি শেয়ার করবেন না। প্ররোচনায় পা দেবেন না।”
এরই মধ্যে রাজ চক্রবর্তীর আরেকটি কাজ ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। তাঁর পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘প্রলয়’-এর দ্বিতীয় পর্ব শীঘ্রই আসছে। সেই সিরিজে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি সংলাপ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একাংশের দাবি, ওই সংলাপে তরুণ বিপ্লবীর প্রতি অসম্মান দেখানো হয়েছে। যদিও রাজ চক্রবর্তীর স্পষ্ট বক্তব্য, এই বিতর্ক সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
একাধিক বিতর্ক ও সমস্যার মাঝেও নিজের কাজের প্রতি আস্থা রাখছেন রাজ চক্রবর্তী। তবে ‘হোক কলরব’-এর ক্লিপ ফাঁসের ঘটনা যে তাঁর কাছে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।




















