নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১৮ই আগস্ট: রবিবার সকালে রানিগঞ্জের পাঞ্জাবিমোড় থানার অন্তর্গত মঙ্গলপুরের ধাণ্ডাডি গ্রামের রেললাইনের লাগোয়া অঞ্চলে পেশায় টোটো চালক শঙ্কর রাউথের(৪০)ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ।

রানিগঞ্জ অঞ্চলের অন্যান্য টোটো চালকদের বক্তব্য অনুসারে শনিবার রাত্রি ১০:৩০ পর্যন্ত যাত্রী প্রতিক্ষায় রানিগঞ্জ স্টেশন চত্বরে শঙ্করকে দেখা যায় ৷ এরপর ভোর ৪টে নাগাদ রানিগঞ্জের হাটিয়তালাও নিবাসী শঙ্করের বউ অন্যান্য টোটো চালকদের কাছে রাতে বাড়ি না ফেরার কারণে শঙ্করের খোঁজ শুরু করে ৷ যদিও রবিবার সকাল ৭:৩০ নাগাদ পুলিশের পক্ষ থেকে টোটো ইউনিয়নে এক টোটো চালকের দেহ উদ্ধারের খবর দেওয়া হলে শঙ্করের বন্ধুরা গিয়ে দেহ শনাক্ত করে ৷ তবে শঙ্করের দেহের পাশেই তার টোটোটিকে দেখতে পাওয়া যায় ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়৷ একই সাথে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ৷


















