দেশ – যাত্রী পরিষেবা উন্নত করা এবং রেল নেটওয়ার্ককে আধুনিক করার লক্ষ্যে একাধিক বড় সংস্কারের পথে হাঁটছে Indian Railways। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় রেলমন্ত্রী Ashwini Vaishnaw জানিয়েছেন, ‘রিফর্ম এক্সপ্রেস’ উদ্যোগের অধীনে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার শীঘ্রই কার্যকর করা হবে।
রেলমন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, এই নতুন পাঁচটি সংস্কারের মধ্যে দু’টি পণ্য পরিবহণ, দু’টি যাত্রী পরিষেবা এবং একটি অবকাঠামো নির্মাণ সংক্রান্ত। এর আগে ইতিমধ্যেই চারটি সংস্কারের কথা ঘোষণা করা হয়েছিল। ২০২৬ সাল জুড়ে ধাপে ধাপে এই সমস্ত পরিবর্তন কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পণ্য পরিবহণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে লবণ পরিবহণে। ভারতের মতো বৃহৎ লবণ উৎপাদনকারী দেশে বছরে প্রায় সাড়ে তিন কোটি টন নুন উৎপাদিত হয়, যার মধ্যে প্রায় ৯২ লক্ষ টন রেলপথে পরিবহণ করা হয়। তবে বর্তমানে ব্যবহৃত ওয়াগনের নকশা এই পরিবহণের জন্য যথাযথ নয় বলে জানা গিয়েছে। এই সমস্যার সমাধানে নতুন ডিজাইনের ওয়াগন আনার পরিকল্পনা করছে রেল।
এছাড়াও, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুণমান বজায় রাখা এবং নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার জন্য চুক্তিভিত্তিক ব্যবস্থায়ও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এতে রেল অবকাঠামো উন্নয়নের কাজ আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
যাত্রী পরিষেবার ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দূরপাল্লার ট্রেনের নিশ্চিত টিকিট বাতিলের ক্ষেত্রে নিয়ম কড়া করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, যাত্রার ৮ ঘণ্টা বা তার কম সময় আগে যদি কেউ কনফার্ম টিকিট বাতিল করেন, তবে কোনও ভাড়া ফেরত পাওয়া যাবে না।
পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে পর্যন্ত যাত্রীরা তাঁদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, নির্দিষ্ট স্টেশন থেকে ওঠার বদলে অন্য স্টেশন থেকেও যাত্রা শুরু করার সুযোগ থাকবে।
সব মিলিয়ে ‘রিফর্ম এক্সপ্রেস’-এর মাধ্যমে রেল পরিষেবাকে আরও আধুনিক, দ্রুত এবং যাত্রীবান্ধব করে তোলার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র। এই সংস্কারগুলি কার্যকর হলে দেশের কোটি কোটি যাত্রী সরাসরি তার সুফল পাবেন বলেই মনে করা হচ্ছে।



















