কলকাতা – কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে বড় রদবদল করল লালবাজার। জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, মোট ১৮ জন ইন্সপেক্টরের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এই রদবদলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ভবানীপুর থানায়। সেখানে ওসি পদে ফিরলেন সৌমিত্র বসু। শুক্রবার তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) পদে পদোন্নতি পেলেও, এসি পদে থেকেই ভবানীপুর থানার ওসির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে লালবাজার।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই সৌমিত্র বসুকে ভবানীপুর থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁকে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এ বদলি করা হয়। এবার ফের তাঁকে ভবানীপুর থানার দায়িত্ব দেওয়া হল।
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভবানীপুর থানার বর্তমান ওসি রাজীব চট্টোপাধ্যায়কে এসটিএফের ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে। গার্ডেনরিচ থানার ওসি দিলীপ সরকারকে বদলি করে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। মেটিয়াবুরুজ থানার ওসি অখিলেশ ঝাকে গোয়েন্দা দপ্তরে স্থানান্তর করা হয়েছে। একইসঙ্গে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত কৌশিক সরকারও গোয়েন্দা দপ্তরে যোগ দিচ্ছেন।
অন্যদিকে, ট্রাফিক বিভাগে কর্মরত সায়ন বিশ্বাসকে মেটিয়াবুরুজ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। রবীন্দ্র সরোবর থানার অতিরিক্ত ওসি প্রতীক মুর্মুকে গার্ডেনরিচ থানার নতুন ওসি করা হয়েছে। মেটিয়াবুরুজ থানার অতিরিক্ত ওসি সুরজিৎ ভট্টাচার্যকে হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কর্মরত দীপক বসাককে নিউ আলিপুর থানার অতিরিক্ত ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক কাজ আরও গতিশীল করা, আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দক্ষ নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের আরও একাধিক গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আনা হয়েছে।




















