খেলা – বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে কোণঠাসার পরিস্থিতি ক্রমেই বাড়ছে। আইপিএল থেকে বাদ পড়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের পর এবার প্রভাব পড়েছে লিটন দাসের উপর। টাইগার অধিনায়কের স্পন্সর ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি (Sunspirals Greenlands) চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এতদিন লিটন নিজের ইচ্ছামতো ব্যাট বানাতে পারলেও এবার সেই সুযোগ নেই, এবং তার ব্যাটে আর এসজি স্টিকার থাকবে না।
শুধু লিটন দাস নয়, ইয়াসির আলী রাব্বি এবং মুমিনুল হকের সঙ্গে চুক্তি নবায়নও করা হবে না। ক্রিকেটারদের এজেন্ট জানিয়েছেন, চুক্তি বাতিল হওয়ার কারণ এসজি কোম্পানি জানিয়েছে না। লিটন দাস এখন পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করেননি, তবে টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ-ভারতের রাজনৈতিক উত্তেজনা দুই দেশের ক্রিকেটেও প্রভাব ফেলেছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের হত্যার প্রতিবাদে ভারতজুড়ে সমালোচনা তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় মুস্তাফিজুরকে কেনা হলেও তাকে বাদ দেওয়া হয়েছে। সেই ঘটনার প্রভাবে বাংলাদেশে আইপিএল সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। এরপর ভারতীয় কোম্পানি স্পন্সর বাতিল বা চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, এই ঘটনার প্রতিবাদে কিছু ক্ষেত্রে ভারতীয় পণ্যের বয়কট ও টিভি চ্যানেল বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অনেকের মতে, বাংলাদেশ যদি এই সিদ্ধান্ত নেন, তবে ক্ষতি মূলত তাদেরই হবে।




















