রাজ্য – বিজেপি এতদিন বাংলার মনীষীদের নিয়ে একের পর এক ভুল মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভুল তথ্য নিয়ে মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। এবার রাজনীতির ময়দানেও বড়সড় ভুল করে বসেছে বিজেপি বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ভুলের খেসারত দিতে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ-সফরের আগেই ব্যারাকপুরে বড় ধাক্কা খেল বিজেপি। শনিবার এই ব্যারাকপুরেই সভা করার কথা শাহের, তার ঠিক আগেই ‘চার্জশিট’ কর্মসূচি ঘিরে চরম অস্বস্তিতে পড়ল পদ্মশিবির।
এবারের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে ‘চার্জশিট’ তৈরি করেছে বঙ্গ বিজেপি। বিধানসভা কেন্দ্রভিত্তিক এই চার্জশিটে স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে। বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই চার্জশিট বিলিও করছেন। কিন্তু ব্যারাকপুরের বীজপুর বিধানসভা কেন্দ্রে এই চার্জশিটই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ, কয়েক মাস ধরেই বীজপুরের এক তৃণমূল নেতাকে বিজেপিতে টানার চেষ্টা চালাচ্ছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। এমনকী ওই নেতার বাড়িতে গিয়ে যোগাযোগও করেন ভাটপাড়ার এক বিজেপি নেতা। পরিকল্পনা ছিল, শনিবার অমিত শাহের সভাতেই তাঁকে গেরুয়া পতাকা হাতে তুলে দেওয়া হবে। কিন্তু চার্জশিট প্রকাশের পর সেই পরিকল্পনাই ঘেঁটে যায়।
ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যারাকপুর জুড়ে শুরু হয়েছে হাসির রোল। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, ঘাসফুলের নেতাকে দলে টানতে গিয়ে পদ্মবনে কাঁটা বিঁধেছে। দলের অন্দরেও এই নিয়ে চর্চা শুরু হয়েছে। রাজ্য বিজেপি দফতর থেকে গত সপ্তাহে বীজপুরে যে চার্জশিট পাঠানো হয়েছে, তাতে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে নাম রয়েছে ওই তৃণমূল নেতার। সেই চার্জশিটই আবার বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি বিলি করেছেন। আর সেই নেতাকেই দলে নেওয়ার তোড়জোড় শুরু হওয়ায় বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছে—যাঁকে নিজেদের চার্জশিটে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে, তাঁকে দলে নিলে মানুষের কাছে কী বার্তা যাবে?
২০২১ সালের বিধানসভা নির্বাচনের মতো ব্যাপক দলবদলের কৌশল এবার নিতে চাইছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবুও এমন একজন তৃণমূল নেতাকে দলে টানার উদ্যোগ যে রাজনৈতিকভাবে বিপাকে ফেলতে পারে, তা বুঝতে পারেননি উদ্যোক্তারা। ফলে শিল্পাঞ্চল জুড়ে আলোচনা, রাজনীতিতেও বড়সড় ভুল করে ফেলেছে বিজেপি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যারাকপুরের এক নব্য বিজেপি নেতার বক্তব্য, ‘চার্জশিটে কার নাম আছে, সেটা হয়তো পরে কেউ মনে রাখবে না। কিন্তু ওই তৃণমূল নেতাকে দলে নিলে যদি বীজপুর আসন দখল করা যায়, সেটাই সবাই মনে রাখবে।’ একইসঙ্গে তাঁর দাবি, ওই নেতা বিজেপিতে এলে তৃণমূল নিজেরাই বিজেপির তৈরি চার্জশিট বীজপুরের প্রতিটি বাড়িতে পৌঁছে দেবে—এ নিয়ে কোনও সন্দেহ নেই।




















