উত্তরবঙ্গ – উত্তরবঙ্গের শিলিগুড়িতে একাধিক খাবারের দোকান ও মিষ্টির কারখানায় হানা দিল খাদ্য সুরক্ষা দফতর। শনিবার এনটিএস মোড় ও দেশবন্ধু পাড়া এলাকায় অভিযান চালিয়ে আধিকারিকরা একের পর এক চাঞ্চল্যকর ছবি সামনে আনেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের একাধিক অভিযোগ উঠে আসে।
দেশবন্ধু পাড়ার গীতা সুইটস-এর কারখানায় গিয়ে কার্যত হতবাক হয়ে যান দফতরের আধিকারিকরা। কারখানার ফ্রিজ থেকে উদ্ধার হয় রান্না করা মাংস। অভিযোগ, নির্দিষ্ট অনুমতি ছাড়াই সেখানে মাংস সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি দেখা যায়, দোকানের বাসনপত্র ধোয়া হচ্ছিল সেপটিক ট্যাঙ্কের উপরেই, যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন বলে মনে করছে দফতর।
অভিযান পৌঁছায় এনটিএস মোড়ের এক নামী ক্যাফেতেও। সেখানে সংরক্ষিত চিকেনের মধ্যে পোকা কিলবিল করতে দেখা যায় বলে দাবি আধিকারিকদের। ফ্রিজ ও রান্নাঘরের অবস্থা ছিল অত্যন্ত নোংরা। পচা খাবার বাজেয়াপ্ত করা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে খাদ্য সুরক্ষা দফতর।
সংশ্লিষ্ট দোকানগুলিকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। প্রয়োজনে লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলে দফতরের তরফে বার্তা দেওয়া হয়েছে।
শহরের পরিচিত খাবারের দোকানে এমন চিত্র সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই মনে করছেন, নিয়মিত নজরদারি না হলে এ ধরনের অনিয়ম বন্ধ করা কঠিন। এখন দেখার, এই অভিযানের পর আদৌ শহরের খাবারের মানের উন্নতি হয় কি না।



















