উত্তরবঙ্গ – উত্তরবঙ্গের শিলিগুড়ির ঘোষপাড়ায় তেলের ট্যাংকারের সঙ্গে স্কুটির সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার দুপুরে রানিডাঙ্গার কাছে ঘোষপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, একটি স্কুটিতে করে তিন বন্ধু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ একটি তেলের ট্যাংকারের সঙ্গে তাদের স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় এবং গুরুতর জখম হন আরও দু’জন।
আহত দু’জনকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় আরও এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয় এবং পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই দ্রুত গাড়ির গতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় কীভাবে স্পিড ব্রেকার বসানো যায় তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে খুব বেশি দূরে নয় একটি স্কুল রয়েছে। প্রতিদিনই বহু ছাত্রছাত্রী ওই রাস্তা পারাপার করে। পাশাপাশি স্কুলের পাশেই বড় রাস্তার উপর একটি বাজার বসে, যার ফলে যান চলাচল আরও জটিল হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে বাজারটি বড় রাস্তা থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ওই এলাকায় যাতায়াতকারী ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশের কড়া নজরদারির আবেদনও জানিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে ভবিষ্যতে সেখানে একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।



















