
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৬ মে, বিদায়বেলায় শিলিগুড়ি পুরসভার প্রতিটি দপ্তর ঘুরে সকল কর্মীদের সাথে দেখা করলেন মেয়র অশোক ভট্টাচার্য।এমনকি তিনি বিরোধী দল তৃণমূলের ঘরে গিয়ে বিরোধী দলনেতা রঞ্জন সরকারের সাথেও সৌহার্দ্য সাক্ষাৎ করেন।এরপর তাকে নানান সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “অনেক কষ্ট করে লড়াই করে ৫বছর এই বোর্ড চালিয়েছি।এখন আমাকে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান করে যে বিজ্ঞপ্তি জারী হয়েছে তা আমরা প্রত্যাখান করেছি।কারণ এই প্রশাসক মন্ডলীতে বিরোধীদের রাখা হয়েছে।যা আমরা মেনে নিতে পারিনি।আমরা চাই এই বিজ্ঞপ্তি তুলে নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারী হোক।কিন্তু শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে আমরা যেখানেই থাকব কাজ করে যাবো”।
অন্যদিকে বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানালেন, “শিলিগুড়ির মানুষকে বিপদে ফেলে উনি পালিয়ে যাচ্ছেন।এদিকে উনি চিঠি দিয়ে নিজেই প্রশাসক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।আমি উনাকে আহ্বান করছি যাতে পালিয়ে না গিয়ে উনি বোর্ড চালানোর দায়িত্ব নেন।আমরা তাকে সবরকম সাহায্য করব”।উল্লেখ্য রবিবার পুরসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।তারপর প্রশাসক দিয়ে পুরসভা চলবে।



















