
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৬ শে সেপ্টেম্বরঃ শিল্পের নামে বীরভূমের বোলপুরের শিবপুর মৌজায় অধিগৃহিত জমিতে শিল্প চাই, নইলে জমি ফেরত চাই এই দাবিতে আজ নিউটাউনে হিডকো ভবন ঘেরাও করল শিবপুর জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের শতাধিক কৃষক। হিডকো ভবনের মেন গেটের সামনে ব্যারিকেড করে রাখে বিধাননগর পুলিশ। জমিহারা কৃষকদের আন্দোলনে আসেন রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
শিল্পের নামে ২০০২ সালে বীরভূমের শিবপুর মৌজার ২৯৭ একর জমি অধিগ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার। কিন্তু বিরোধীদের বাধা সহ নানা জটিলতায় সেই সময় শেষ কাজ শুরু করতে পারেনি বামফ্রন্ট সরকার। 68 হাজার টাকা বিঘা ও পরিবার পিছু একজনের চাকরির প্রস্তাব দিয়ে সে সময় জমি অধিগ্রহণ করে বামফ্রন্ট সরকার। যার প্রথম কিস্তির 48 হাজার টাকা পেলে ও শেষ কিস্তি আর পাইনি কৃষকরা।
কৃষকদের অভিযোগ, জমি আন্দোলনের সময় তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা প্রতিশ্রুতি দিলেও সরকারে আসার পরে প্রতিশ্রুতি রাখেনি। সরকারে আসার পর পার্থ চট্টোপাধ্যায় কৃষকদের বিঘা প্রতি 6 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। উল্টে রাজ্য সরকার জমি হস্তান্তর করে হিডকো কে। যেখানে জমির চরিত্র বদল করে। ৭৩ লক্ষ টাকা বিঘা প্রতি বিক্রি করে শিল্পের বদলে আবাসন প্রকল্প শুরু করেছে হিডকো। এই অবস্থায় কৃষকরা হাইকোর্টের দ্বারস্থ হলে কাজের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। কোর্টের নির্দেশ অমান্য করে কাজ চলছে বলে অভিযোগ কৃষকদের। আজ বীরভূমের বোলপুর থেকে কয়েকশো কৃষক কলকাতায় এসে নিউটাউন হিডকোর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে । কৃষকদের আন্দোলনে উপস্থিত হন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কৃষকদের আন্দোলনের পাশে থাকার আশ্বাস দেন তিনি। শুধু বোলপুরের শিবপুর নয় রাজারহাটে জমি অধিগ্রহণের পর কৃষকরা ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ করেন তিনি। রাজারহাট সহ পশ্চিমবঙ্গের কৃষকদের জমি দখলের প্রতিবাদে সিঙ্গুর-নন্দীগ্রামের কায়দায় আন্দোলনের হুঁশিয়ারি দেন রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।


















