নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১৮ই আগস্ট: চন্দ্রকোনা ১ নং ব্লকের মনোহরপুর ৫/১ গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়া গ্রামে প্রায় ১০০ টির উপর পরিবারের দুর্ভোগ। শিলাবতীর উপর পারাপারের একমাত্র বাঁশের পোল ভেঙ্গে পড়ায়। গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা এখন একটি মাত্র নৌকা। দুদিনের টানা বৃষ্টিতে নদীর জল বাড়তে থাকায় জলের তোড়ে ভেঙ্গে পড়ে নড়বড়ে পোলটি। শিলাবতীর দু পাড়ে নেই কোনও রাস্তা, নদীর পাড়ে কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়েই নৌকায় চাপতে হয় আট থেকে আশি সকলকেই।

বেড়াবেড়া দক্ষিন পাড়ার মাঝ দিয়েই বয়ে গেছে শিলাবতী, ফলে গ্রামের একটা অংশের মানুষকে নদী পেরিয়ে আসতে হয় ক্ষীরপাই শহরে। স্কুল, কলেজ, হাসপাতাল থেকে সমস্ত জরুরি কাজে ওই নদী পেরিয়ে বর্তমানে একটি নৌকায় বিপদজনকভাবে পারাপার করতে হচ্ছে। স্থায়ী পোলের দাবী দীর্ঘদিন ধরেই।গ্রামের একমাত্র বাঁশের পোল ভাঙ্গার পর অবশ্য স্থানীয় পঞ্চায়েতের তরফে একটি নৌকার ব্যবস্থা করা হয় পারাপারের জন্য। বেড়াবেড়া গ্রামে নদীর পাড়ে বসতি প্রায় ১৫ টি পরিবারের। প্রতি বছর বর্ষায় নদীর জল একটু একটু করে গ্রাস করছে মাটির জীর্ন বাড়িগুলিকে। অভিযোগ জনপ্রতিনিধি থেকে প্রশাসনে বারবার জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় ক্ষোভ ভুক্তভোগীদের। নদীতে এখনই জল কানায় কানায়, আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকলে নদী পাড়ে বসবাস করা বাসিন্দাদের বাড়িতে থাকাই দুষ্কর হয়ে উঠবে, প্রশাসনের তরফে অন্যত্র কোথাও ব্যবস্থা না করায় প্রান হাতে নিয়েই বর্ষার মরসুমে রাত কাটাতে হয় পরিবারগুলিকে। প্রতি বছরই বর্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিললেও আদপে কোনও উদ্যোগই নেই কারও, এমনই অভিযোগ।


















