
নিজস্ব সংবাদদাতা,চুঁচুড়া, ২৩ শে জুন : শনিবার রাত সাড়ে দশটা নাগাদ শ্যুটআউট চুঁচুড়ায়। চুঁচুড়ার বড়বাজারে খুন এলাকার কুখ্যাত দুষ্কৃতি হাতকাটা মুন্না (৩৬)। এদিন রাতে বড়বাজারের আজাদ হিন্দ ক্লাবে হঠাৎ করেই হানা দেয় আটজনের দুষ্কৃতিদল বলে অভিযোগ। প্রসঙ্গত ওই ক্লাব বর্তমানে তৃণমূলের সমর্থকদের বলেই পরিচিত। ক্লাবে থাকা তৃণমূল নেতা বিজয় কাহার এর বক্তব্য তাকেই খুন করতে আসে ওই দুষ্কৃতী দল। অভিযোগ তারা ক্লাবে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। বিজয় কাহার সহ ক্লবে থাকা অন্যান্যরা কোনোক্রমে এদিকে ওদিকে পালিয়ে প্রাণ বাঁচান। গুলির শব্দ থেমে যেতে এলাকাবাসীরা বাইরে বেরোলে দেখতে পায় ক্লাবের সামনের রাস্তায় ওই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। পুলিশ সূত্রে খবর মৃত ওই যুবকের নাম হাতকাটা মুন্না। সে চুঁচুড়ার সমাজবিরোধী বলেই পরিচিত। তবে কেনো এই ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।




















