
নিউজ ডেস্ক,পশ্চিম বর্ধমান:বকেয়া বেতনের দাবিকে সামনে রেখে শ্রমিক বিক্ষোভ দুর্গাপুরের রাতুলিয়া- অঙ্গদপুর শিল্প তালুকের বেসরকারি কারখানায়। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ঝান্ডা কারখানার প্রধান গেটে লাগিয়ে প্রায় দেড়শ জন শ্রমিক বিক্ষোভ দেখাতে থাকে আজ সকাল থেকে।
কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য বরুণ চ্যাটার্জী দাবি করেন কারখানা কর্তৃপক্ষ বেছে বেছে তৃণমূলের সমর্থক শ্রমিকদের কারখানা থেকে কাজে বসিয়ে দিচ্ছে। অপরদিকে সিপিআইএমের শ্রমিক সংগঠনের সদস্যদের কাজে বহাল রাখছে। এমন অবস্থায় প্রায় ১১ মাস ধরে উৎপাদন বন্ধ থাকা কারখানায় ৫ থেকে ৬ মাসের বেতন বকেয়া রয়েছে শ্রমিকদের। অপরদিকে মালিকপক্ষের স্নেহধন্য কর্মচারীদের বেতন হচ্ছে। জেলার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিস্বনাথ পারিয়াল এর নির্দেশে কারখানার গেটে বিক্ষোভ দেখানো হচ্ছে। কারখানার খবর এক শ্রমিক শেখ মিরাজ বলেন দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া সত্ত্বেও কারখানায় নিয়মিত কাজে আসতাম। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বিনা নোটিশে মৌখিক ভাবে জানিয়ে দেন কারখানায় না আসতে। এমন অবস্থায় পিএফ এবং গ্র্যাচুইটির কোন টাকা মেটাচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। আর ছাঁটাই করার কোন নোটিশ ও দিচ্ছে না। পুরো ঘটনায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাতুলিয়া অঙ্গদপুর শিল্পতালুকে।



















