
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৩০ শে সেপ্টেম্বরঃ সদ্যজাতের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে । চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। এই ঘটনায় চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাটুলির বাসিন্দা অদিতি সাহা বৃহস্পতিবার এই হাসপাতালে ভর্তি হন চিকিৎসক মৃদুলা চৌধুরীর অধীনে। পরের দিন তার যমজ পুত্রসন্তান হয়। রবিবার সকালেও তারা ভালো ছিল। আজই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। রবিবার সকাল নটা নাগাদ ভিডিও কলে পরিবারের সবাইকে সদ্যজাতদের দেখানো হয়। সাড়ে নটা নাগাদ নার্স একজনকে খেতে নিয়ে যায়। তারপর থেকে তার শরীর খারাপ হতে শুরু করে। বাড়ির লোক বারবার বিষয়টি জানতে চাইলেও তাদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ। দুপুর একটা নাগাদ বলা হয় ক্রিটিকাল অবস্থা। ৩টে নাগাদ মারা যাওয়ার কথা জানানো হয়। তারপরেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। রাতে থানায় অভিযোগ দায়ের করে পরিবার।



















