
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১০ মে, টাকা না দিলে সন্তানের ক্ষতি করার হুমকি চিঠি আসতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা পরিবারে। উত্তর ২৪ পরগনা বারাসাতের হৃদয়পুর বন্ধুমহল ক্লাব এর সংলগ্ন বাসিন্দা এক দম্পতির বাড়িতে রাতের বেলায় টাইলসের মধ্যে মোড়ানো হুমকি চিঠি ফেলে যায় অজ্ঞাত পরিচয়ের কেউ। কর্মসূত্রে এই দম্পতি দুজনেই বাইরে থাকেন, কিন্তু লকডাউনে ঘরে আটকা পড়ে গেছেন। কে বা কারা এই কাজ করতে পারে তাই নিয়ে ধন্দে রয়েছে দম্পতি।
দম্পতির কথায় জানা যায়, চিঠিতে লেখা আছে সাড়ে তিন লক্ষ টাকা না দিলে তাদের সন্তানের ক্ষতি করা হবে। প্রথম দফায় ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় দফায় তিন লক্ষ ২৫ হাজার টাকা দিতে হবে। ভয়ে আতঙ্কগ্রস্ত দম্পতি আজ সকালে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বারাসাত থানার পুলিশ যথাযোগ্য পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এই দম্পতিকে।



















