রাজ্য – মঙ্গলবার থেকে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের সংক্ষিপ্ত এই অধিবেশনে রাজ্য সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে। প্রথম দিনেই সাম্প্রতিককালে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোকপ্রস্তাব গ্রহণের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হবে।
বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণের পর অধিবেশনের দ্বিতীয়ার্ধে অন্তর্বর্তী বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ বিষয়ে অধিবেশন শুরুর আগে সোমবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় সর্বদল বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠকে বিরোধী ভারতীয় জনতা পার্টির কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
বৈঠকের পর অধ্যক্ষ জানান, বিধানসভার নিয়ম অনুযায়ী সরকার পক্ষের আনা প্রস্তাব গ্রহণ করা হবে। তবে বিরোধী বিধায়কদের বক্তব্য রাখার সুযোগও থাকবে। অধিবেশন চলাকালীন সময়ে ভোটার তালিকা সংক্রান্ত উদ্বেগ, এসআইআর চালু হওয়ার পর ঘটেছে একাধিক মৃত্যুর ঘটনা এবং সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হওয়া উৎকণ্ঠা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।




















