সাতসকালেই মুম্বই রোডে মর্মান্তিক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মুরগি বোঝাই গাড়ির, মৃত ২

সাতসকালেই মুম্বই রোডে মর্মান্তিক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মুরগি বোঝাই গাড়ির, মৃত ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হাওড়া – সাতসকালেই হাওড়ার মুম্বই রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে মুরগি বোঝাই একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর জখম অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছে মুরগি বোঝাই গাড়িটির সামনের অংশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিট নাগাদ হাওড়ার বরুণদা এলাকায় মুম্বই রোডের কলকাতামুখী লেনে রাস্তার ধারে একটি লরি দাঁড়িয়ে ছিল। সেই সময় লরিটিতে কোনও চালক উপস্থিত ছিলেন না। ঠিক তখনই দেউলটির দিক থেকে আসা মুরগি বোঝাই গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পিছনে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় মুরগি বোঝাই গাড়িটির চালক ও তাঁর সঙ্গী কেবিনের ভিতরেই আটকে পড়েন। অপরদিকে, খালাসী ধাক্কার অভিঘাতে গাড়ি থেকে ছিটকে পড়ে যান রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কেবিনে আটকে পড়া দু’জনকে উদ্ধার করে। তবে ততক্ষণে তাঁদের মৃত্যু হয়ে যায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত খালাসীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, মুরগি বোঝাই গাড়িটি নবাসন এলাকার একটি পোল্ট্রি ফার্ম থেকে মুরগি নিয়ে প্রথমে দেউলটি যাচ্ছিল এবং সেখান থেকে জয়পুরের দোকানে সরবরাহ করার কথা ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top