সাপের মতো এঁকেবেঁকে মালভর্তি ট্রাক চালিয়ে ‘স্টান্ট’, ভাইরাল ভিডিয়োর জেরে গ্রেফতার চালক

সাপের মতো এঁকেবেঁকে মালভর্তি ট্রাক চালিয়ে ‘স্টান্ট’, ভাইরাল ভিডিয়োর জেরে গ্রেফতার চালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – ব্যস্ত এক্সপ্রেসওয়ের মাঝরাস্তায় সোজা পথে না চালিয়ে সাপের মতো এঁকেবেঁকে মালভর্তি ট্রাক এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এক চালক। বিপজ্জনক সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়। শেষ পর্যন্ত ভাইরাল ভিডিয়োর সূত্র ধরেই ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটিও।
‘দ্য নালন্দা ইনডেক্স’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা যায়, একটি মালবাহী ট্রাক মাঝরাস্তায় বারবার লেন বদল করে এঁকেবেঁকে চলছে। দূর থেকে দেখলে মনে হচ্ছিল, যে কোনও মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতে পারে ভারী যানটি। শুধু চালকই নয়, আশপাশের অন্যান্য গাড়িচালকদের জন্যও তা বড়সড় বিপদের কারণ হয়ে উঠতে পারত।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ৩ ফেব্রুয়ারি, হরিয়ানার নুহ জেলার রিগাড় গ্রামের কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। ব্যস্ত এই এক্সপ্রেসওয়েতে এমন বেপরোয়া আচরণ ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায়।
ভিডিয়োটি দ্রুত ভাইরাল হতেই বিষয়টি পুলিশের নজরে আসে। তদন্তে নেমে ট্রাকচালককে চিহ্নিত করে রবিবার গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত চালকের নাম সাবির, তিনি রাজস্থানের অলওয়ারের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
সমাজমাধ্যমেও এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বহু নেটাগরিক। এক জন মন্তব্য করেছেন, “স্টান্ট দেখাতে গিয়ে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত। শুধু চালক নয়, অন্য নিরীহ পথচারী বা গাড়িচালকদের প্রাণও ঝুঁকিতে পড়ত। উপযুক্ত শাস্তিই হয়েছে।” এই ঘটনা ফের একবার স্মরণ করিয়ে দিল, সামান্য বেপরোয়া আচরণও ব্যস্ত সড়কে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top