কলকাতা, ২০ মার্চ ২০২১:দুর্গাপু্রের সিএসআইআর-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট সম্প্রতি তিন দিনের একটি আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ‘সুসংহত পুর বর্জ্য ব্যবস্থাপনা : বর্জ্যহীন নিষ্কাশন ’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় ছাত্রছাত্রীরা ছাড়াও শহরাঞ্চলের জল সরবরাহ ও পয়ঃনিষ্কাশী ব্যবস্থা সংক্রান্ত সংস্থা বিহারের, প্রগতি বায়ো অ্যান্ড রিনিউএবল এনার্জির আধিকারিকরাও অংশ নিয়েছেন।

সিএসআইআর সিএমইআরআই এর নির্দেশক অধ্যাপক (ডঃ) হরিশ হিরানী সমাপ্তি অধিবেশনে উপস্থিত থেকে জানান, আমাদের সমাজে দেশীয় উদ্ভাবনের থেকেও বিদেশ থেকে আমদানি করা প্রযুক্তির ওপর মানুষের আস্থা বেশি। সিএসআইআর-সিএমইআরআই দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের ওপর কাজ করছে। এই সংস্থা তাদের উদ্ভাবিত প্রযুক্তিগুলি মানুষের মধ্যে প্রচার করার উদ্যোগ নিয়েছে । এরই অঙ্গ হিসেবে দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়। অধ্যাপক (ডঃ) হিরানী আরও জানান, আমাদের দেশে প্রতি বছর বিপুল পরিমাণে বর্জ্য নিষ্কাশিত হয়। এর জন্য সীমাবদ্ধ জমিতে বিপুল বর্জ্য জমা করা একটি গুরুত্বপূর্ণ সমস্যা ౼ যার থেকে পরিবেশ দূষণ প্রচুর পরিমাণে হয়ে থাকে। জনসংখ্যা বৃদ্ধির ফলে এই সমস্যা আরও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সিএসআইআর-সিএমইআরআই নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে, যার সাহায্যে শহরাঞ্চলের কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় যে সব সমস্যা দেখা দেয়, তার সমাধান করা সম্ভব হবে। বাড়ি থেকে যেসব বর্জ্য সংগ্রহ করা হয় সেগুলিকে পরিশোধনের মাধ্যমে পরিবেশ -বান্ধব উপাদান করে তোলা হবে। শহরাঞ্চলের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় যে বিকেন্দ্রীভূত উদ্যোগ নেওয়া হয়েছে, তার সাহায্যে কোভিড-১৯ ভাইরাস সহ বিভিন্ন জীবাণুর সংক্রমণ শৃঙ্খল ভেঙে ফেলা সম্ভব হয়েছে। সিএসআরআই-সিএমইআরআই প্রযুক্তির ক্ষেত্রে অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলিকে সম্ভাব্য সবরকমের সহায়তা করে থাকে বলেও অধ্যাপক (ডঃ) হিরাণী জানান। কর্মশালাটিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা এই ধরণের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্যোগ নেওয়ায় সংশ্মিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তীতেও এ ধরণের কর্মশালার আয়োজন করার অনুরোধ জানায়। অধ্যাপক হিরানী অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের এই কর্মশালায় অংশগ্রহণের জন্য শংসাপত্র দেন। তিনি তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সব রকমের সহযোগিতার আশ্বাসও দেন একই সঙ্গে।



















