সিপিএম ছেড়ে তৃণমূলে প্রতীক-উর রহমান, আমতলায় অভিষেকের হাত ধরে যোগদান

সিপিএম ছেড়ে তৃণমূলে প্রতীক-উর রহমান, আমতলায় অভিষেকের হাত ধরে যোগদান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন সিপিএম নেতা প্রতীক-উর রহমান। এবার তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে দলীয় পতাকা ও উত্তরীয় তুলে দিয়ে স্বাগত জানান। বাম শিবিরের লড়াকু মুখ হিসেবে পরিচিত প্রতীক-উরের এই দলবদল রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যোগদানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, প্রতীক-উর টিকিট পাওয়ার আশায় নয়, সংগঠন শক্তিশালী করার লক্ষ্যেই দলে এসেছেন। ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রমণের মুখে থাকা প্রতীককে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তাঁর পাশে থাকার আশ্বাসও দেন তিনি। জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে ক্যামাক স্ট্রিটের দপ্তরে ডেকে প্রতীক-উরকে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে অবহিত করা হবে।
এই দলবদলে সিপিএমের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের মত। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। যদিও প্রতীক-উর রহমান স্পষ্ট করেছেন, তাঁর মূল লক্ষ্য বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই জোরদার করা।
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লড়াকু ও তরুণ নেতৃত্বকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। পর্যবেক্ষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর কৌশলেরই ইঙ্গিত মিলছে এই পদক্ষেপে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top