সিভি আনন্দ বোসের পদত্যাগে রাজনৈতিক বিতর্ক, মুখ্যমন্ত্রীর মন্তব্য

সিভি আনন্দ বোসের পদত্যাগে রাজনৈতিক বিতর্ক, মুখ্যমন্ত্রীর মন্তব্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Elections 2026) আবহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরের ঠিক আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) পদত্যাগের ঘটনা নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, পদত্যাগের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
মঙ্গলবার ধর্মতলায় চলা ধর্না কর্মসূচি (TMC Dharna) আপাতত সমাপ্তির ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের জন্য ‘সৌজন্য’-এ যান। বৈঠকের পর সাংবাদিকদের বলেন, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দীর্ঘদিনের কাজের সম্পর্ক এবং পরিবারের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে। মমতা বলেন, “অনেকদিন একসঙ্গে কাজ করেছি। তাঁর পরিবারের সঙ্গেও পরিচয় রয়েছে। তাই বাংলার রীতি মেনেই তাঁর সুস্বাস্থ্য কামনা করি।”
মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে অভিযোগ তুলেছেন, প্রাক্তন রাজ্যপালকে পাঁচ বছরের মেয়াদ থাকা সত্ত্বেও মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগে সরিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনের ঠিক আগে। তিনি মনে করেন, এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে। মমতা জানান, নিজের মতামত সরাসরি প্রাক্তন রাজ্যপালকেও জানিয়েছেন এবং তাঁকে বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। “আপনি এতদিন বাংলায় ছিলেন, রাজ্যকে ভাল করে চিনেছেন। তাই আবার বাংলায় আসুন,” যোগ করেন মুখ্যমন্ত্রী।
রাষ্ট্রপতির সফরের আগে পদত্যাগের সময়কেও মমতা প্রশ্ন করেছেন। প্রাক্তন রাজ্যপালকে বাগডোগরায় রাষ্ট্রপতির অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে বিমানও প্রস্তুত রাখা হয়েছিল, কিন্তু দিল্লিতে ডাক পড়ায় তিনি বাগডোগরায় পৌঁছাতে পারেননি। তবে বোস হোটেলে থাকার ইচ্ছা প্রকাশ করলেও মমতা নিজে ‘সৌজন্য’-এ থাকার জন্য অনুরোধ করেন।
প্রাক্তন রাজ্যপাল বাংলায় ভোট দিতে আসবেন কি না, সরাসরি জানাননি মমতা। তবে তিনি বলেন, ভোট থাকলে নিশ্চয়ই বোস আসবেন। আগেই বোস জানিয়েছিলেন, তিনি বাংলার ভোটার এবং ভোটাধিকার প্রয়োগ করতে চান।
ইস্তফা পত্রে সি ভি আনন্দ বোস রাষ্ট্রপতিকে প্রণাম জানিয়ে পদত্যাগ করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে যে সহযোগিতা ও দিকনির্দেশনা পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রবীন্দ্র নারায়ণ রবি (R N Ravi)। ১৯৫২ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করা এই কেরল ক্যাডার আইপিএস অফিসার ২০২১ সাল থেকে তামিলনাড়ুর রাজ্যপাল। এর আগে তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল (২০১৯-২০২১) ও মেঘালয়ের রাজ্যপাল (২০১৯-২০২০) হিসেবেও দায়িত্ব সামলেছেন। কেন্দ্রীয় মহলে তিনি দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বের জন্য পরিচিত। রবি ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত নাগা শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top