খেলা- আজ মেগা বৃহস্পতিবার। মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামছে ভারত। তবে ম্যাচ শুরুর আগেই টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। বিশেষ করে ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে দলের আস্থা রাখা উচিত কি না, তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।
এই টুর্নামেন্টে মেন ইন ব্লু–এর রান মেশিন হিসেবে পরিচিত অভিষেক শর্মা এখনও পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি। ছয়টি ম্যাচে তিনি মোট ৮০ রান করেছেন, গড় মাত্র ১৩.৩৩। উল্লেখযোগ্য বিষয় হল, এই ৮০ রানের মধ্যে ৫৫ রান এসেছে একটি মাত্র ইনিংস থেকেই। তাঁর স্ট্রাইক রেট ১৩১.১৪। ফলে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে তাঁকে প্রথম একাদশে রাখা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে আগের ম্যাচে রিঙ্কু সিং প্রথম একাদশে সুযোগ পাননি। একই সঙ্গে ওপেনারের জায়গায় ইশান কিশানকে উপযুক্ত বিকল্প হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে অভিষেক শর্মাকে বাদ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে ম্যাচের আগে নজর থাকবে কে থাকবেন আর কে বাদ পড়বেন, সেই সিদ্ধান্তের উপর।
তবে সমীকরণ বদলে দিতে পারে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পরিসংখ্যান। এই মাঠেই শেষবার খেলতে নেমে অভিষেক শর্মা ৫৪ বলে ১৩৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ২৫০। ফলে মুম্বইয়ের মাঠে তাঁর আগের পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, দলে বড় কোনও পরিবর্তন করতে চান না কোচ গৌতম গম্ভীর। তবে সঞ্জু স্যামসনের জায়গা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেই জানা যাচ্ছে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত প্লেয়িং ইলেভেন নিয়ে জল্পনা চলবে বলেই মনে করা হচ্ছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পাণ্ড্যে, অক্ষর প্যাটেল, অর্শদ্বীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।



















