
নিউজ ডেস্ক,পশ্চিম বর্ধমান:একে আর্থিক পরিস্থিতি মন্দা। তায় সোনার দাম চড়া। গোদের উপর বিষফোঁড়ার মতো শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি।
এই তিনের জাঁতাকলে ধনতেরসে সোনার বাজার জমল না দুই জেলাতেই। আসানসোল বাজারের অবস্থা তথৈবচ। মাথায় হাত সোনা ব্যবসায়ীদের।
আজ, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ধনতেরস তিথি। বিশেষ এই তিথিতে ধাতুজাতীয় সামগ্রী কিনলে সংসারের মঙ্গল হয় বলে বিশ্বাস। মূলত অবাঙালিদের মধ্যে এই রীতি প্রচলিত। বছর কয়েক ধরে বাঙালিদের মধ্যেও এই প্রবণতা দেখা দিচ্ছে। কয়েক বছর ধরেই ধনতেরসের কয়েক দিন আগে থেকে বাজার জমে উঠছিল। গয়নার বিক্রি বাড়ছিল। কিন্তু এ বার ছবিটা একেবারে উল্টো।
গত দু’দিনের যা প্রবণতা তাতে বিক্রি খুব একটা বাড়বে না বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, সোনার দাম এ বারে লাগাম ছাড়া। বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ক্যারেট পাকা সোনার দাম ছিল প্রায় ৪০ হাজার টাকা প্রতি ১০ গ্রাম। যা গত বছরের এই সময়ের থেকে প্রায় ৮ হাজার টাকা বেশি। তার উপরে মন্দার কারণে খরিদ্দারদের হাতে নগদ নেই বললেই চলে।



















