রাজ্য – সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার রাজ্যের মন্ত্রিসভার বড়সড় সম্প্রসারণ হতে চলেছে। রবিবার সমাজমাধ্যমে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর পোস্ট অনুযায়ী, সোমবার সকালে লোকভবনে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করবেন। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর. এন. রবি। তবে কারা কোন দফতরের দায়িত্ব পাবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সূত্রের খবর, শপথ নিতে চলা মন্ত্রীদের তালিকায় রয়েছেন তাপস রায়, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, দীপক বর্মন, কলিতা মাজি, বিশাল লামা, মৌমিতা বিশ্বাস মিশ্র, জোয়েল মূর্মূ, জগন্নাথ চট্টোপাধ্যায়, শারদ্বত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, পূর্ণিমা চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, গার্গী ঘোষ দাস, মালতী রাভা রায় এবং অশোক দিন্দা-সহ আরও অনেকে। ইতিমধ্যেই তাঁদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নতুন ৩৫ জনের মধ্যে ১৩ জন পূর্ণাঙ্গ মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সোমবার সকাল ১১টায় লোকভবনে রাজ্যপালের উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে। পরে দফতর বণ্টনের ঘোষণা করা হবে।
এর আগে ব্রিগেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনীয়া মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। বর্তমানে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬।
গত ২৭ তারিখ রাজ্যপাল আর. এন. রবির সঙ্গে লোকভবনে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জল্পনা তীব্র হয়। তারও আগে দিল্লি সফরে গিয়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। একই সময়ে দিল্লিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।
সাংবিধানিক নিয়ম অনুযায়ী, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বাধিক ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। বর্তমানে মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ৬ হওয়ায় ৩৮টি পদ খালি ছিল। সোমবার ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিলে মুখ্যমন্ত্রী-সহ মোট মন্ত্রীর সংখ্যা দাঁড়াবে ৪১। ফলে ভবিষ্যতে আরও ৩ জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুযোগ খোলা থাকবে।




















