রাজ্য – রাজ্যের স্কুলগুলিতে পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে ক্লাসরুমের ভিতরে কোনও শিক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে রাখতে বা ব্যবহার করতে পারবে না। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য রাজ্যের সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শক (ডিআই) এবং স্কুলের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি বিদ্যালয়ে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করতে হবে এবং স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে শ্রেণিকক্ষের শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ থাকে।
বর্তমানে প্রযুক্তির সহজলভ্যতার কারণে বহু শিক্ষার্থী স্কুলে স্মার্টফোন নিয়ে আসছে। অভিযোগ, ক্লাস চলাকালীন কিংবা টিফিনের সময় অনেকেই মোবাইল ব্যবহার করে ভিডিও তৈরি, ছবি তোলা এবং সামাজিক মাধ্যমে ‘রিল’ প্রকাশ করছে। এর ফলে পাঠদানে মনোযোগ নষ্ট হওয়ার পাশাপাশি স্কুলে শৃঙ্খলাজনিত বিভিন্ন সমস্যাও তৈরি হচ্ছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মধ্যশিক্ষা পর্ষদ মোবাইল ফোন ব্যবহারে কড়া অবস্থান নিয়েছে। শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখা এবং পড়ুয়াদের শ্রেণিকক্ষে মনোযোগ বৃদ্ধি করাই এই নতুন নির্দেশিকার মূল উদ্দেশ্য বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।




















