
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৮ই আগস্ট: ফের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। স্ট্রিট লাইট জ্বালাতে গিয়ে মৃত্যু হল প্রতিরক্ষা দপ্তরের এক কর্মীর। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার সোনারগাঁ কৌনিক সোসাইটি এলাকায়। মৃতের নাম বংশীবদন সাহা(৭১)। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজ করতেন। বাড়ির সামনে লাইট পোস্টে লাইট জ্বালাতে গিয়েছিলেন। সেইসময় সুইচে হাত দিতেই ছিটকে পড়েন তিনি। তার স্ত্রী ছায়া সাহা তাকে বাঁচাতে গিয়ে জলে নামতেই তিনিও বিদ্যুতপৃষ্ঠ হন। চিতকার করায় পাশের বাড়ি থেকে দৌড়ে আসেন আফজল হোসেন। তিনি ইলেকট্রিশিয়ান ডেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তারপর বংশীবাবুকে উদ্ধার করে সুভাস গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ তার দেহের ময়না তদন্ত করা হবে। এলাকার মানুষের অভিযোগ আগে এখানে জল জমত না। ইদানীং অন্য জায়গার জমা জল সরাতে এই জায়গায় মেশিনে করে জল ফেলা হচ্ছে বলে অভিযোগ। সব জেনেও উদাসীন প্রশাসন।



















