ভাইরাল – স্ত্রী ও ছোট্ট সন্তানকে নিয়ে রেস্তরাঁয় খেতে গিয়ে আচমকাই পুলিশের হাতে আটক হলেন এক যুবক। সেই ঘটনাই এখন ভাইরাল সমাজমাধ্যমে। ঘটনাটি Lucknow-এর বলে দাবি করা হলেও, ঠিক কবে বা কী কারণে ওই যুবককে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, রেস্তরাঁয় বসে পরিবারের সঙ্গে খাওয়ার সময় আচমকা সেখানে পৌঁছে যায় একদল পুলিশ। কোনও স্পষ্ট ব্যাখ্যা না দিয়েই তাঁকে আসন থেকে টেনে হিঁচড়ে তোলেন পুলিশকর্মীরা। এরপর জোর করে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। উপস্থিত অন্যান্য ক্রেতারাও পুলিশের কাছে কারণ জানতে চান, কিন্তু সেই প্রশ্নের কোনও উত্তর দিতে দেখা যায়নি।
এই পরিস্থিতিতে যুবককে অনুরোধ করতে শোনা যায়, সন্তানের সামনে যেন তাঁর সঙ্গে এমন ব্যবহার না করা হয়। তাঁর স্ত্রীও পুলিশের কাছে অনুরোধ জানান। কিন্তু সেই আবেদন উপেক্ষা করেই যুবককে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনাটি ঘটে তাঁদের ছোট্ট সন্তানের সামনে, যে আতঙ্কে কেঁদে ফেলে—এই দৃশ্যই ভিডিয়োটিকে আরও আবেগঘন করে তুলেছে।
ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স (টুইটার) হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে এবং ইতিমধ্যেই তা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বহু নেটাগরিক এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি অপরাধ থেকেও থাকে, তবে সন্তানের সামনে এমনভাবে কাউকে হেনস্থা করা কি যুক্তিযুক্ত?
সব মিলিয়ে, এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশি আচরণ ও মানবিকতার প্রশ্নে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।




















