নিজস্ব সংবাদদাতা,নদীয়া,২১ শে আগস্ট :মঙ্গলবার রাতে চাপড়া থানার সীমানগর এর কাছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর, উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী রাজু ঘোষের গাড়ি থামিয়ে, কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এক কিলো সোনা ও নগদ বেশ কিছু টাকা ছিনতাই করার অভিযোগ উঠল ।

জানা যায় ওই স্বর্ণ ব্যবসায়ী করিমপুর সহ বিভিন্ন দোকানে নতুন সোনা দিয়ে পুরনো সোনা নিয়ে ফিরছিল ,সেই সময় সীমানগর এর কাছে দুষ্কৃতীরা তার গাড়ি থামানোর চেষ্টা করে, পরে গুলি করে বলে জানা যায় ।স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি থামলে দুষ্কৃতীরা স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে স্বর্ণ ব্যবসায়ীকে রেখে, সুদীপ নামে গাড়ির ড্রাইভার কে নিয়ে চলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাপড়া থানার পুলিশ । পুলিশ স্বর্ণ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে । এ ব্যাপারে কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই কে ফোন করা হলে, তিনি জানান আমরা কয়েকটি ক্লু পেয়েছি। খুব শিগগিরই আততায়ী গ্রেপ্তার হবে। পুলিশ তদন্ত শুরু করেছে।



















