নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৪ই আগস্ট :রাত পোহালেই ৭৩ তম স্বাধীনতা দিবস পালিত হবে দেশজুড়ে। স্বাধীনতা দিবসে দেশজুড়ে জঙ্গি নাশকতার সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। বাদ নেই পশ্চিমবঙ্গও। হাওড়া, শিয়ালদহ স্টেশন সহ রাজ্যের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানগুলি জঙ্গিদের নিশানায় আছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে যেকোনো রকম নাশকতার হাত থেকে জনগণকে রক্ষা করতে বীরভূমেও তৎপর রেল পুলিশ।

স্বাধীনতা দিবসের আগে আজ রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে সাথে বীরভূমের বিভিন্ন স্টেশনের মত সিউড়ি স্টেশনেও ধরা পড়ল রেল পুলিশের কড়া নিরাপত্তা। সকাল থেকেই শুরু হয় ট্রেনে ট্রেনে রেল পুলিশের তল্লাশি। রেললাইন খতিয়ে দেখার সাথে সাথে ট্রেনে উঠে যাত্রীদের ব্যাগপত্রও দেখা হয় মেটাল ডিটেক্টরের সাহায্যে।
রেল পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, আজ সকালে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জারে যেমন তল্লাশি চালানো হয়, ঠিক তেমনই তল্লাশি চালানো হয় হুল এক্সপ্রেসেও। একইভাবে যেকোনো রকম নাশকতা রুখতে দিনভর চলবে তল্লাশি।



















