স্বাধীনতা দিবসের সাজেই বিপত্তি! দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে ভোররাতে আগুন, আতঙ্ক

স্বাধীনতা দিবসের সাজেই বিপত্তি! দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে ভোররাতে আগুন, আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – মঙ্গলবার ভোরে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি বিল্ডিংয়ের তিনতলায় আচমকাই আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের একটি অংশে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।

খবর পেয়েই দ্রুত আগুন নেভানোর কাজে নামে বিমানবন্দরের নিজস্ব দমকল বাহিনী। প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পরে আরও দু’টি ইঞ্জিন পাঠানো হয়। বেশ কিছুক্ষণ ধরে আগুন নেভানোর কাজ চলার পর শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

বিমানবন্দর কর্তৃপক্ষ ও দমকল সূত্রে জানা গিয়েছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি বিল্ডিংটি তেরঙ্গা টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান, সেই টুনি লাইট থেকেই শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিমানবন্দর সূত্রে খবর, এই ঘটনায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসায় পরিস্থিতিও স্বাভাবিক করা সম্ভব হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এটিসি বিল্ডিংয়ে কীভাবে আগুন লাগল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top