বিনোদন – টলিউডের অন্যতম চর্চিত জুটি দেব ও রুক্মিণী মৈত্র আবারও শিরোনামে। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি তাঁরা—পার্টি থেকে অনুষ্ঠান, প্রায় সব জায়গাতেই একসঙ্গে দেখা যায় এই জুটিকে। মাঝেমধ্যে ব্যস্ততার ফাঁকেই একান্তে সময় কাটাতে ছুটি কাটাতেও যান। যদিও কিছুদিন আগে তাঁদের সম্পর্ক নিয়ে দূরত্বের জল্পনা উঠেছিল, তবে ‘ধুমকেতু’-র স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে উপস্থিত হয়ে সেই গুঞ্জনে কার্যত ইতি টানেন তাঁরা।
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই জুটি। বুধবার একটি আদুরে ছবি পোস্ট করেন দেব, যেখানে দেখা যাচ্ছে দু’জনের হাতেই মেহেন্দি। ছবিতে দেবের হাতে লেখা রয়েছে রুক্মিণীর নামের প্রথম অক্ষর ‘র’। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এমনি’—তবে এই সাধারণ পোস্টই ঘিরে শুরু হয়েছে জল্পনা। অনেকে মনে করছেন, এটি কোনও নতুন সুখবরের ইঙ্গিত কি না, তা নিয়েই এখন আলোচনা তুঙ্গে।
যদিও অনেকের মতে, নতুন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র শ্যুটিংয়ের ফাঁকেই এই মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে। কমেন্ট বক্সে ইতিমধ্যেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
প্রসঙ্গত, একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব ও রুক্মিণী মৈত্র। ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘কিশমিশ’ এবং ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র মতো ছবিতে তাঁদের জুটি দর্শকদের ভালো সাড়া পেয়েছে।
আসন্ন ছবিতেও আবার পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁদের। সেখানে করিম উল হকের চরিত্রে অভিনয় করবেন দেব এবং তাঁর স্ত্রীয়ের ভূমিকায় থাকবেন রুক্মিণী, যার নাম অঞ্জু। উল্লেখ্য, রুক্মিণীকে শেষবার দেখা গিয়েছিল ‘বিনোদিনী’ ছবিতে।
সব মিলিয়ে, মেহেন্দির এই ছবিকে ঘিরে নতুন করে চর্চায় প্রিয় জুটি—এটি নিছক মুহূর্ত নাকি আসন্ন কোনও ঘোষণা, সেটাই এখন দেখার।




















