হায়দরাবাদে রশ্মিকা–বিজয়ের গ্র্যান্ড রিসেপশন, ঐতিহ্য আর আভিজাত্যে নজর কাড়ল নবদম্পতি

হায়দরাবাদে রশ্মিকা–বিজয়ের গ্র্যান্ড রিসেপশন, ঐতিহ্য আর আভিজাত্যে নজর কাড়ল নবদম্পতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – বুধবার সন্ধ্যায় হায়দরাবাদে অনুষ্ঠিত হল দক্ষিণী তারকা Rashmika Mandanna ও Vijay Deverakonda-র জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড রিসেপশন। তারকাখচিত এই অনুষ্ঠানে নবদম্পতির উপস্থিতি এবং তাঁদের ঐতিহ্যবাহী সাজই ছিল মূল আকর্ষণ।
রিসেপশনের জন্য রশ্মিকা বেছে নিয়েছিলেন লাল রঙের সিল্কের শাড়ি। সরু কালো পাড়ে সোনালি জড়ির কাজ করা শাড়িটি নিখুঁত প্লিটে পরেছিলেন তিনি। সেই সাজে ধরা পড়ে দক্ষিণী ঐতিহ্য ও রাজকীয় আভিজাত্যের মেলবন্ধন। গয়নাতেও ছিল দক্ষিণ ভারতের ঐতিহ্যের ছাপ। শ্রী জুয়েলার্সের টেম্পল জুয়েলারিতে নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। গলায় লেয়ার্ড নেকলেস, কানে ঐতিহ্যবাহী দুল, হাতে হাতপদ্ম—সব মিলিয়ে সম্পূর্ণ নববধূর সাজ। মাঝখানে সিঁথি কেটে বাঁধা চুলে ফুলের সাজ, কপালে ছোট্ট টিপ এবং সিঁথিতে সিঁদুরে ফুটে ওঠে বিয়ের আবহ। পরিমিত মেকআপ আর মিষ্টি হাসিতে অতিথিদের স্বাগত জানান তিনি।
বিয়ের দিন থেকেই চমক দিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর হাত ও পায়ে আলতা পরার নেপথ্যে লিঙ্গসম্যের বার্তা রয়েছে বলেও নানা মহলে আলোচনা শুরু হয়েছিল। রিসেপশনেও সেই ঐতিহ্যবাহী ভাব বজায় রাখলেন তিনি। বিজয়ের পরনে ছিল ঘিয়ে রঙের ধুতি ও কুর্তা, যা দক্ষিণ ভারতের শুভ অনুষ্ঠানের একটি পরিচিত পোশাক। জানা গেছে, নিজের মাতৃভূমির সংস্কৃতিকে তুলে ধরতেই তিনি এই সাজ বেছে নিয়েছিলেন।
গ্র্যান্ড রিসেপশনে হাত ধরাধরি করে প্রবেশ করেন নবদম্পতি। পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে নমস্কার জানাতে দেখা যায় তাঁদের। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ফটোশুটেও অংশ নেন দু’জনে, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
অনুষ্ঠানের অতিথি তালিকাও ছিল বেশ চমকপ্রদ। বলিউড ও দক্ষিণী ছবির বহু তারকা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। দেখা যায় Karan Johar, Kriti Sanon এবং Neena Gupta-কে। দক্ষিণী চলচ্চিত্র জগতের বহু তারকার উপস্থিতিতেও জমে ওঠে রিসেপশনের আসর।
রাজনৈতিক মহলের প্রতিনিধিত্বও চোখে পড়ার মতো ছিল। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী D. K. Shivakumar নবদম্পতিকে আশীর্বাদ করেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী Narendra Modi এবং স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-কেও এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছিল।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক বিলাসবহুল ভিলায় বিয়ের পর্ব সম্পন্ন করেন বিজয় ও রশ্মিকা। বিয়ের দিন রশ্মিকার পরনে ছিল সিঁদুরে লাল সিল্কের শাড়ি, সরু সোনালি পাড় ও জরির সূক্ষ্ম নকশা। সঙ্গে বিডসের কাজ করা ছোট হাতার ব্লাউজ। অন্যদিকে বিজয় পরেছিলেন লাল উত্তরীয় ও সাদা সিল্কের ধুতি। মেহেন্দির বদলে হাত-পায়ে আলতা—সব মিলিয়ে ঐতিহ্য ও ব্যক্তিগত বার্তার মেলবন্ধনে সম্পূর্ণ হয়েছিল তাঁদের বিয়ের সাজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top