হোয়াইট হাউসে রোবটের বাংলা ‘স্বাগতম’, বিশ্বমঞ্চে প্রযুক্তির নতুন বার্তা

হোয়াইট হাউসে রোবটের বাংলা ‘স্বাগতম’, বিশ্বমঞ্চে প্রযুক্তির নতুন বার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ – ওয়াশিংটনের White House-এ দেখা গেল নজিরবিহীন দৃশ্য। মঞ্চে মানুষ নয়, মানবাকৃতি রোবট অতিথিদের স্বাগত জানাচ্ছে—তাও আবার বাংলায় ‘স্বাগতম’ বলে! এই অভিনব মুহূর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব, যা উপস্থিত অতিথিদেরও বিস্মিত করে দেয়।
বৃহস্পতিবার আয়োজিত ‘Fostering the Future Together’ গ্লোবাল সামিটে এই চমকপ্রদ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি Melania Trump। তাঁর উপস্থিতিতেই মঞ্চে আনা হয় ‘Figure 3’ নামের একটি অত্যাধুনিক হিউম্যানয়েড এআই রোবট, যা তৈরি করেছে Figure সংস্থা।
বিশ্বের ৪৫টি দেশের ফার্স্ট লেডিদের এই বৈঠকে রোবটটি হাত নেড়ে অতিথিদের স্বাগত জানায়। উপস্থিত ছিলেন ফ্রান্সের Brigitte Macron এবং ইজরায়েলের Sara Netanyahu-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। রোবটটি ইংরেজি, স্প্যানিশ, ফরাসি-সহ মোট ১১টি ভাষায় অভ্যর্থনা জানায়, যার মধ্যে ছিল বাংলা ভাষাও—যা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।
মেলানিয়া ট্রাম্প রোবটটির সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে একে ‘হোয়াইট হাউসে প্রথম আমেরিকার তৈরি মানবাকৃতি অতিথি’ বলে উল্লেখ করেন। প্রযুক্তিগত দিক থেকে ‘Figure 3’ একটি স্বয়ংক্রিয় সহায়ক যন্ত্র, যার গায়ে রয়েছে বিশেষ মেশ ফ্যাব্রিক। এর হাতে ক্যামেরা এবং স্পর্শ-সংবেদনশীল সেন্সর থাকায় এটি পরিবেশ বুঝে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম। সংস্থার দাবি, বাসন ধোয়া, কাপড় কাচা, খেলনা গুছানো থেকে শুরু করে জামাকাপড় ভাঁজ করা—সবই করতে পারে এই রোবট।
এদিনের বক্তব্যে মেলানিয়া ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তাঁর মতে, ব্যক্তিগত শিক্ষার প্রসার, বাড়িতে হিউম্যানয়েড শিক্ষকের ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি—এই তিন স্তম্ভের উপরই গড়ে উঠবে আগামী দিনের বিশ্ব। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খুব দ্রুত মোবাইলের গণ্ডি ছাড়িয়ে মানুষের মতো রূপ নিয়ে বাস্তব জীবনে সরাসরি কাজ করবে।
হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, এই সামিটে নীতি নির্ধারক এবং বেসরকারি ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন। মূল লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাকে অর্থনৈতিক ও কৌশলগত অগ্রাধিকারের কেন্দ্রে তুলে ধরা এবং ভবিষ্যতের প্রযুক্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top