হোয়াটসঅ্যাপে চেয়ারম্যান সেজে প্রতারণা, পানিহাটি পুরসভা জুড়ে চাঞ্চল্য

হোয়াটসঅ্যাপে চেয়ারম্যান সেজে প্রতারণা, পানিহাটি পুরসভা জুড়ে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর 24 পরগণা – সাইবার প্রতারকদের নিশানায় এবার উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পুরসভার পুরপ্রধান। পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে-র নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একের পর এক প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কখনও মেসেজ, কখনও ফোন করে নিজেকে চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে।

জানা গিয়েছে, পানিহাটির একাধিক ওয়ার্ডের কাউন্সিলরদের কাছেও এই ধরনের বার্তা পাঠানো হয়। চেয়ারম্যান পরিচয় দিয়ে জরুরি প্রয়োজনে নির্দিষ্ট একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠাতে বলা হয়। সন্দেহ হওয়ায় ৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝর্ণা বন্দ্যোপাধ্যায় সরাসরি চেয়ারম্যান সোমনাথ দে-কে ফোন করেন। তখনই পুরো জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগ অনুযায়ী, প্রতারকরা চেয়ারম্যানের পরিচয়ে ৫০ হাজার টাকা একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবিলম্বে পাঠানোর জন্য চাপ দেয়। একই ধরনের বার্তা পেয়েছেন ১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জুলি সরকার পাত্রও। বিষয়টি জানাজানি হতেই পুরসভা জুড়ে আতঙ্ক ছড়ায়।

লিখিত অভিযোগের ভিত্তিতে খড়দহ থানার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই প্রতারণা চালানো হচ্ছে, সেটি নাইজেরিয়ার নম্বর। এর আগেও বিদেশি নম্বর থেকে পানিহাটি পুরসভার জনপ্রতিনিধিদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় দত্তপুকুর এলাকা থেকে একজনকে গ্রেফতারও করা হয়েছিল।

এই ঘটনার পর চেয়ারম্যান সোমনাথ দে নাগরিকদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা জারি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর ছবি ও নাম ব্যবহার করে প্রতারকরা বিভিন্ন ফাঁদ পাতছে। কেউ যদি এই ধরনের ফোন বা বার্তা পান, তাহলে কোনও অবস্থাতেই টাকা দেবেন না এবং সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করবেন।

চেয়ারম্যানের দাবি, প্রতারকরা ইন্ডিয়ান ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেটিকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট বলে দাবি করছে, যা সম্পূর্ণ ভুয়ো। সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি—সকলকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আগে হুমকি, তারপর এই ধরনের প্রতারণার ঘটনা—পরপর একাধিকবার আন্তর্জাতিক নম্বর থেকে কেন পানিহাটি পুরসভাকে টার্গেট করা হচ্ছে, তার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে ব্যারাকপুর কমিশনারেটের সাইবার শাখা। পুরো ঘটনার তদন্ত চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top