
নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:- পদ্মফুলের জন্ম পাঁকে, কিন্তু তবুও পদ্মফুল পাঁক থেকে ওঠে গায়ে কোনও পাঁকের দাগ না নিয়ে। আসলে পদ্ম আমাদের এই ইঙ্গিতই দেয় যে পরিবেশ শেষ কথা নয়। খারাপ পরিবেশে জন্মেও অনেক ভালো কাজ করা যায়, সেরার শিরোপাও মেলে। তারই উদাহরণ হিসেবে পদ্ম আমাদের দেশের জাতীয় ফুল। শুধু তাই নয়, পদ্মফুল ছাড়া যেকোনও পুজোই আভূষনহীন। বিশেষ করে দেবী দূর্গার আরাধনা পদ্মফুল ছাড়া অসম্ভব। দূর্গাপুজার সন্ধিপুজোতে ১০৮ টি পদ্মফুলেই দেবী তুষ্ট হন। কিন্তু এই পদ্মফুল যারা চাষ করেন তারাই আজ চরম দুর্ভোগে। হাজার হাজার পদ্মফুলের চাষ করলেও করোনা আবহের কারনে এখনও পর্যন্ত কোনও পূজো উদ্যোক্তা পদ্মফুলের জন্য তাদের সাথে যোগাযোগ করেনি। করোনার আবহে এমনিতেই দূর্গাপূজা এবার নমো নমো করে আয়োজন করতে চলেছেন আয়োজকেরা। ফলে এবার পদ্মফুল কি জলাশয়েই পড়ে থাকবে এই আশঙ্কাতেই দিন গুনছেন রায়গঞ্জ ব্লকের পদ্মচাষীরা।



















