১১ কেজি রুপোর ছাতার সাথে অনুব্রত মন্ডল পেলেন ‘বীরভূমের ছত্রপতি’ উপমা!

১১ কেজি রুপোর ছাতার সাথে অনুব্রত মন্ডল পেলেন ‘বীরভূমের ছত্রপতি’ উপমা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৭ জানুয়ারি, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে সোমবার মিলন মেলায় ‘বীরভূমের ছত্রপতি’ বলে উপমা দেওয়া হল।যিনি সব সময় বিতর্কিত মন্তব্য থেকে নিজস্ব ভাবভঙ্গির জন্য আলোচনার কেন্দ্রবিন্দু। সে সভামঞ্চে উত্তরীয় ছুঁড়ে ফেলা হোক, পুজো অর্চনা অথবা তাঁকে দেওয়া নানান উপহার! সব কিছুতেই যেন উঠে আসে বিতর্কের গন্ধ, সমালোচনা। বিরোধীরা বারবার এ নিয়ে প্রশ্ন তুললেও তাতে কিছু এসে যায় না তাঁর, কারণ তিনি আছেন নিজের জায়গায়। ঠিক যেমন অনুব্রত মণ্ডল এসকল বিতর্কের ধার ধারেন না ঠিক তেমনই দলীয় কর্মীদের তাঁকে দেওয়া উপহার ঘিরেও থাকে নানান চমক।

প্রতিবছরের মতো এবছরও নানুরের বাসাপাড়ায় চলছে মিলন মেলা। যে মেলায় প্রতিবছর উপস্থিত থাকেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ব্যতিক্রম না ঘটিয়ে সোমবার তিনি সেই মেলায় উপস্থিত হন। আর উপস্থিত হতেই ফের চমক। বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান তাঁর হাতে উপহারস্বরূপ তুলে দেন ১১ কেজি রুপোর ছাতা। পাশাপাশি কেরিম খান তাঁকে ‘বীরভূমের ছত্রপতি’ বলে উপমাও দেন। সোমবার যে ছাতাটি অনুব্রত মণ্ডলকে উপহার দেওয়া হয় তার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। যা নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী মহলে।

প্রসঙ্গত, গত বছর অনুব্রত মন্ডলের পাঁচন তত্ত্ব যখন রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল ঠিক তখন এই নানুরের বাসাপাড়ার মিলনমেলায় কেরিম খান অনুব্রত মণ্ডলের হাতে তুলে দিয়েছিলেন পিতলের বলদ গরু, লাঙ্গল, পাঁচন ও জোয়াল। সেবার উপহার তুলে দিয়ে কেরিম খান জানিয়েছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদের আন্দোলন হিসেবে এই উপহার অনুব্রত মণ্ডলের হাতে তুলে দিলাম।’ আর এবার ১১ কেজি রুপোর ছাতা উপহার দিয়ে তিনি জানান, “তিনি বীরভূমের ছত্রপতি তাই তাঁর হাতে আজ ১১ কেজি রুপোর ছাতা তুলে দিলাম।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top