হুগলি – গুরুত্বপূর্ণ মেরামতি ও পুনর্বাসন কাজের জন্য আগামী রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, টানা ১২ ঘণ্টা বন্ধ থাকবে ২য় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতু দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বেয়ারিং প্রতিস্থাপন-সহ একাধিক জরুরি সংস্কার কাজ করা হবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে এই মেরামতি ও পুনর্বাসন কাজ চলবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেতু সম্পূর্ণ বন্ধ রাখার।
কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সেতু বন্ধ থাকার সময় বিকল্প রুটে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সাধারণ মানুষকে ওই সময় বিদ্যাসাগর সেতু ব্যবহার না করার এবং বিকল্প পথ বেছে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
রবিবার হওয়ায় যানবাহনের চাপ তুলনামূলক কম থাকবে বলেই আশা প্রশাসনের, তবে তবুও যাত্রীদের আগেভাগেই যাত্রাপথ পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অযথা ভোগান্তি এড়ানো যায়।



















