১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক-বিমা ধর্মঘটের ডাক, শ্রম কোড ও বেসরকারিকরণের প্রতিবাদে সরব কর্মী সংগঠনগুলি

১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক-বিমা ধর্মঘটের ডাক, শ্রম কোড ও বেসরকারিকরণের প্রতিবাদে সরব কর্মী সংগঠনগুলি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে বড়সড় ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক ব্যাঙ্ক ও বিমা কর্মী সংগঠন। INTUC, AITUC, HMS, CITU, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC-সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনগুলির অভিযোগ, কেন্দ্র সরকারের প্রস্তাবিত নতুন শ্রম কোডে শ্রমিক ও জনস্বার্থবিরোধী একাধিক ধারা অন্তর্ভুক্ত হয়েছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এই আন্দোলন। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন সরকারি নীতির বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে সংগঠনগুলি।
ধর্মঘটের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হলো সপ্তাহে দু’দিন ছুটি। বর্তমানে ব্যাঙ্কে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকলেও প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার কাজ হয়। এই নিয়ম বদলে শনি-রবিবার দু’দিন সাপ্তাহিক ছুটির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন কর্মীরা।
এছাড়াও ধর্মঘটের দাবির তালিকায় রয়েছে সরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলিকে আরও শক্তিশালী করা, ব্যাঙ্ক ও LIC-র বেসরকারিকরণ এবং শেয়ার হ্রাস বা বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার। সরকারি সাধারণ বিমা সংস্থাগুলিকে একত্রিত করে একটি শক্তিশালী সংস্থা গঠনের দাবিও তোলা হয়েছে। আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করা, নতুন পেনশন স্কিম (NPS) বাতিল করে পুরোনো পেনশন স্কিম পুনরায় চালু করা এবং ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট স্কিম প্রত্যাহারের দাবিও রয়েছে।
সংগঠনগুলির আরও দাবি, কর্পোরেট সংস্থাগুলির বকেয়া ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সাধারণ গ্রাহকদের জন্য ব্যাঙ্কিং পরিষেবার চার্জ কমাতে হবে।
একই দিনে বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ভারত বনধের ডাক থাকায় রেল ও বাস পরিষেবায়ও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, একদিনের ধর্মঘটে এটিএম পরিষেবায় বড়সড় সমস্যা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top