১৬ অক্টোবর দিল্লির সেন্ট্রাল পার্কে তিরঙ্গা হাতে জমায়েতের ডাক অভিজিৎ দীপকের, যন্তর মন্তরে গ্রেফতার দুই সিজেপি নেতা

১৬ অক্টোবর দিল্লির সেন্ট্রাল পার্কে তিরঙ্গা হাতে জমায়েতের ডাক অভিজিৎ দীপকের, যন্তর মন্তরে গ্রেফতার দুই সিজেপি নেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: যন্তর মন্তরে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞার আবহে ফের আন্দোলনের ডাক দিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। আগামী ১৬ অক্টোবর দিল্লির কনৌট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জমায়েতের আহ্বান জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে দীপক জানান, যাঁরা তিরঙ্গা নিয়ে গর্বিত, তাঁরা যেন ওই দিন বিকেল ৫টায় জমায়েতে অংশ নেন।

সম্প্রতি যন্তর মন্তরে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞার পর সেখানে জাতীয় পতাকা প্রদর্শন করতে গিয়ে সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেফতার হন বলে দাবি করা হয়েছে। তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার পরেই নতুন করে জমায়েতের ডাক দিয়েছেন অভিজিৎ দীপক। তবে এ বার যন্তর মন্তরের বদলে জমায়েতের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে কনৌট প্লেসের সেন্ট্রাল পার্ককে।

ভিডিয়ো বার্তায় অভিজিৎ দীপক প্রশ্ন তোলেন, “কবে থেকে তিরঙ্গা দেখানো অপরাধ হয়ে গেল?” তাঁর আহ্বান, জাতীয় পতাকা হাতে যাঁরা এই কর্মসূচিতে অংশ নিতে চান, তাঁরা যেন নির্ধারিত সময়ে সেন্ট্রাল পার্কে উপস্থিত হন।

শুধু দিল্লিতেই নয়, যাঁরা রাজধানীতে পৌঁছতে পারবেন না, তাঁদের নিজেদের শহরেও জমায়েতের আয়োজন করার আহ্বান জানিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা। ফলে ১৬ অক্টোবরের এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির পাশাপাশি দেশের অন্য শহরেও কোনও প্রতিবাদ কর্মসূচি হয় কি না, সেদিকেই নজর থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top