১৮০ কিমি গতিতে সফল ট্রায়াল রান, বছরের শেষে ছুটল বন্দে ভারত স্লিপার ট্রেন

১৮০ কিমি গতিতে সফল ট্রায়াল রান, বছরের শেষে ছুটল বন্দে ভারত স্লিপার ট্রেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – অবশেষে অপেক্ষার অবসান। ভারতীয় রেলওয়ের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি নতুন পালক। বছরের শেষ লগ্নে সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন করল বন্দে ভারত স্লিপার ট্রেন। রাজস্থানের কোটা থেকে মধ্যপ্রদেশের নাগদা সেকশনে পরীক্ষামূলকভাবে চালানো এই ট্রেনটি ট্রায়াল রানে ১৮০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ছুটে নজির গড়েছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঐতিহাসিক ট্রায়াল রানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি জানান, রেলওয়ে নিরাপত্তা কমিশনার নিজে বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান পরিদর্শন করেছেন। কোটা–নাগদা সেকশনে উচ্চগতিতে ছুটে ট্রেনটি সমস্ত প্রযুক্তিগত পরীক্ষায় সফল হয়েছে।
রেলমন্ত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনটি ১৮২ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলার সময় একটির উপর আরেকটি গ্লাস রাখা রয়েছে, অথচ কোনও গ্লাস থেকে জল পড়ছে না। এই বিশেষ ‘ওয়াটার টেস্ট’-এর মাধ্যমে নতুন প্রজন্মের বন্দে ভারত স্লিপার ট্রেনের স্থিতিশীলতা ও আধুনিক প্রযুক্তির সক্ষমতা প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে চলমান বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলির নকশাগত সর্বোচ্চ গতি ১৮০ কিমি হলেও বাস্তবে অপারেটিং স্পিড থাকে ১৬০ কিমির আশেপাশে। রেল মন্ত্রকের দাবি, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন দীর্ঘ রাতের যাত্রাকে যাত্রীদের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতায় বদলে দেবে।
এই ট্রেনে থাকবে উচ্চগতির পাশাপাশি আধুনিক এসি স্লিপার কোচ, উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীস্বাচ্ছন্দ্যের একাধিক সুযোগ-সুবিধা। কম সময়ে দীর্ঘ দূরত্ব অতিক্রম করার পাশাপাশি আরামদায়ক যাত্রার প্রতিশ্রুতি দিচ্ছে এই নতুন ট্রেন। কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে, সেই দিকেই এখন নজর রেলযাত্রীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top