রাজ্য – দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে শুরু হতে চলেছে জনগণনা প্রক্রিয়া। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হবে। এই প্রক্রিয়া চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকদের জন্য রাখা হয়েছে ‘সেলফ এনুমারেশন’-এর সুযোগ। অর্থাৎ, নির্দিষ্ট ওয়েবসাইটে নিজেরাই জনগণনার তথ্য আপলোড করতে পারবেন বাসিন্দারা।
সেলফ এনুমারেশনের জন্য প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বরের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর পরিবারের গৃহকর্তার নাম, পরিবারের সদস্য সংখ্যা, সদস্যদের বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা এবং পরিচয় সংক্রান্ত তথ্য দিতে হবে। পাশাপাশি বসবাসের বাড়ির বিস্তারিত বিবরণও ফর্মে উল্লেখ করতে হবে।
সমস্ত তথ্য ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর আবেদনপত্র সাবমিট করলে একটি অ্যাকনলেজমেন্ট বা রেফারেন্স নম্বর পাওয়া যাবে। সেই নম্বর সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে সরকারি প্রতিনিধি যাচাইয়ের জন্য বাড়িতে এলে ওই রেফারেন্স নম্বর দেখালেই সংশ্লিষ্ট তথ্য যাচাই করা সম্ভব হবে। প্রয়োজনে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য পরিচয়পত্রও দেখাতে হতে পারে।
জনগণনার সময় বাড়ি ও পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে রয়েছে বাড়ির নম্বর, মেঝে, দেওয়াল ও ছাদের নির্মাণসামগ্রী, বাড়ির ব্যবহার, পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের প্রধানের নাম, লিঙ্গ, জাতিগত পরিচয়, বাড়ির মালিকানা, মোট কক্ষ সংখ্যা এবং বিবাহিত দম্পতির সংখ্যা।
এছাড়া পানীয় জলের উৎস ও প্রাপ্যতা, বিদ্যুতের উৎস, শৌচাগার ও স্নানঘরের সুবিধা, বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা, রান্নাঘর ও গ্যাস সংযোগের তথ্যও দিতে হবে। রান্নার প্রধান জ্বালানি কী, তাও উল্লেখ করতে হবে।
পরিবারে টেলিভিশন, ইন্টারনেট, ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কি না, কতগুলি মোবাইল ফোন ব্যবহার করা হয়, দু’চাকা বা চারচাকা যানবাহনের সংখ্যা এবং পরিবারের প্রধান খাদ্যশস্য সম্পর্কেও তথ্য চাওয়া হবে। যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বরও দিতে হবে, যা শুধুমাত্র জনগণনা সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, সঠিক তথ্য প্রদান করলে জনগণনার কাজ দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তাই সেলফ এনুমারেশন করতে ইচ্ছুক নাগরিকদের আগেই প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।




















