১ জুন থেকে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা, জারি সরকারি বিজ্ঞপ্তি

১ জুন থেকে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা, জারি সরকারি বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ক্ষমতায় এসেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে তৎপর বিজেপি সরকার। পূর্ব ঘোষণা মতো আগামী ১ জুন থেকেই রাজ্যে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তিও জারি করল নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর ও সামাজিকভাবে আরও শক্তিশালী করে তুলতেই চালু করা হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’ বা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT-এর মাধ্যমে টাকা পাঠানো হবে।
সরকার জানিয়েছে, আগামী ১ জুন ২০২৬ থেকেই প্রকল্পটি কার্যকর হবে। তবে এই সুবিধা পেতে গেলে বেশ কিছু শর্ত মানতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিজীবী মহিলা, নিয়মিত বেতনভোগী বা পেনশনপ্রাপ্তরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আয়করদাতারাও অন্নপূর্ণা ভাণ্ডারের আওতার বাইরে থাকবেন।
সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের অধিকাংশের অ্যাকাউন্টেই সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠানো হবে। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সুবিধা বন্ধ হতে পারে।
যেমন মৃত ব্যক্তির নামে অ্যাকাউন্ট থাকলে, কেউ এলাকা পরিবর্তন করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে, অথবা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত হলে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যদিও এর আগে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাঁরা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন এবং ১ জুন থেকেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কিন্তু নতুন সরকারি বিজ্ঞপ্তি সামনে আসার পর স্পষ্ট হয়েছে, নির্দিষ্ট কিছু শর্তের কারণে বহু আবেদনকারী এই প্রকল্পের বাইরে চলে যেতে পারেন।
রাজনৈতিক মহলের মতে, ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের অন্যতম বড় সামাজিক প্রকল্প হিসেবেই দেখা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারকে। এখন নজর থাকবে, আগামী মাস থেকে প্রকল্প বাস্তবায়নের কাজ কতটা মসৃণভাবে সম্পন্ন হয় এবং কতজন মহিলা বাস্তবে এই সুবিধার আওতায় আসেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top