১ ফেব্রুয়ারি থেকে তামাক ও পানমশলায় নতুন কর, বাতিল হচ্ছে জিএসটি সেস

১ ফেব্রুয়ারি থেকে তামাক ও পানমশলায় নতুন কর, বাতিল হচ্ছে জিএসটি সেস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – আগামী ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্য ও পানমশলার উপর নতুন করে কর বসাতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ মন্ত্রক। নতুন কর কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমানে চালু থাকা জিএসটি কম্পেনসেশন সেস সম্পূর্ণভাবে তুলে দেওয়া হবে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট, তামাক ও তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ হারে জিএসটি আরোপ করা হবে। তবে বিড়ির ক্ষেত্রে জিএসটি হার ১৮ শতাংশই রাখা হয়েছে। এই কর জিএসটির অতিরিক্ত হিসেবে ধার্য হবে, ফলে তামাকজাত পণ্যের দাম আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর পাশাপাশি পানমশলার উপর আরোপ করা হচ্ছে নতুন ‘হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস’। অন্যদিকে, তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে অতিরিক্ত এক্সাইজ ডিউটি। অর্থাৎ, জিএসটির সঙ্গে যুক্ত হয়ে নতুন করের বোঝা সরাসরি পড়বে ভোক্তাদের উপর।
বুধবারই কেন্দ্রীয় সরকার Chewing Tobacco, Jarda Scented Tobacco and Gutkha Packing Machines (Capacity Determination and Collection of Duty) Rules, 2026-এর বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়মের মাধ্যমে তামাক ও গুটখা উৎপাদনে ব্যবহৃত প্যাকিং মেশিনের ক্ষমতার ভিত্তিতে শুল্ক নির্ধারণ ও আদায়ের পদ্ধতি স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে সংসদে দুটি পৃথক বিল পাশ হয়েছিল। সেই বিলের মাধ্যমেই পানমশলা উৎপাদনে নতুন সেস এবং তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটি আরোপের পথ প্রশস্ত হয়। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করার নির্দিষ্ট দিন ঘোষণা করল কেন্দ্র।
সরকারি সূত্রে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে নতুন কর কাঠামো চালু হলে জিএসটি কম্পেনসেশন সেস পুরোপুরি বাতিল হয়ে যাবে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার যুক্তিকে সামনে রেখেই এই কর সংস্কার করা হয়েছে বলে দাবি কেন্দ্রের।
নতুন শুল্ক কার্যকর হওয়ার প্রভাব পড়েছে মদের দামের উপরও। দেশি হোক বা বিদেশি, বিয়ার বাদে প্রায় সব ধরনের মদের দাম বেড়েছে। ৭৫০ মিলিলিটারের বিদেশি মদের বোতলে গড়ে ৩০ থেকে ৪০ টাকা এবং ১৮০ মিলিলিটারের বোতলে প্রায় ১০ টাকা দাম বেড়েছে। দেশি মদের ক্ষেত্রেও প্রতিটি প্যাকেটে অতিরিক্ত প্রায় ১০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।
এর আগে বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছিল, ৩০ নভেম্বরের মধ্যে পুরনো দামে থাকা সমস্ত মজুত বিক্রি করে ফেলতে হবে। ১ ডিসেম্বর থেকে বাজারে থাকা সব পণ্য—পুরনো স্টক হোক বা নতুন স্টক—নতুন দামেই বিক্রি করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top