নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,২৩ শে আগস্ট :আগামী ২৫শে আগষ্ট মুর্শিদাবাদ জেলায় শুরু হচ্ছে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা।এই উপলক্ষে বিশেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার সুতি-১ব্লকের বিডিও অফিসে। বুধবার অনুষ্ঠিত এই আলোচনা সভায় সাঁতার প্রতিযোগিতার প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। এদিন এই সভায় সুতি-১ ব্লকের বিডিও রবীন্দনাথ বারুই ছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সুইমিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ দাস, কনভেনর সুভাষ লালা, জয়েন্ট কনভেনর গৌতম দাস সহ আরো অনেকে।আলোচনা সভার পাশাপাশি এদিন আহিরণ ব্যারেজ ঘাটও পরিদর্শনও করেন তারা।

সুইমিং এসোসিয়েশন সূত্রে জানা গেছে,এইবছর ৮১কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগীতা ৭৬তম বর্ষে পদার্পণ করলো।যা মুর্শিদাবাদের সুতির আহিরণ ব্যারেজ ঘাট থেকে শুরু হয়ে বহরমপুরের গোরাবাজার ঘাটে গিয়ে শেষ হওয়ার কথা। যেখানে এইবার মোট প্রতিযোগীর সংখ্যা থাকবে ৩৫জন।এর মধ্যে পশ্চিমবঙ্গের ১৪ জন ছাড়াও বাংলাদেশের ৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।এছাড়াও ত্রিপুরা,কর্ণাটক, গুজরাট ও মহারাষ্ট্র থেকে যথাক্রমে ৩জন,১জন,৫জন ও ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।


















