দেশ – ২০০০ টাকার নোট আগেই বাজার থেকে উঠে গিয়েছে। এবার কি সেই পথে হাঁটতে চলেছে ৫০০ টাকার নোটও? মার্চ মাস থেকে এটিএমে ৫০০ টাকার নোট মিলবে না— এমন গুজব ছড়াতেই দেশজুড়ে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। নতুন বছরের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হতে থাকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নাকি এই মূল্যমানের নোট ছাপানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই দাবির জেরে দেশজুড়ে উদ্বেগ বাড়তে থাকে। অনেকেই আশঙ্কা করতে শুরু করেন, তবে কি আবার নোটবন্দির মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে? পরিস্থিতি স্পষ্ট করতে দ্রুত বিবৃতি দেয় প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB)। দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
PIB স্পষ্ট করে জানায়, RBI-এর তরফে ৫০০ টাকার নোট বাতিল বা ছাপানো বন্ধ সংক্রান্ত কোনও নির্দেশিকা বা ঘোষণা জারি করা হয়নি। সরকারি বিবৃতিতে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, “৫০০ টাকার নোট সম্পূর্ণ বৈধ। এই নোট বন্ধ করা হয়নি। কোনও তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে অবশ্যই সরকারি সূত্র থেকে তা যাচাই করুন।”
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে। RBI জানিয়েছে, ৫০০ টাকার নোট নিয়ে কোনও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এই নোট আগের মতোই বৈধ মুদ্রা হিসেবে চলবে। ফলে এটিএমে ৫০০ টাকার নোট পাওয়া যাবে না— এই দাবি পুরোপুরি গুজব বলেই স্পষ্ট করল কেন্দ্রীয় সংস্থা ও সরকার।




















