৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, মৃত অন্তত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, মৃত অন্তত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


তিব্বত, চিন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিনের তিব্বত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০-রও বেশি বাড়ি। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে, ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিট নাগাদ তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, নাগকুর প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে ছিল কম্পনের কেন্দ্র। তিব্বতের রাজধানী লাসা থেকে এলাকাটি প্রায় ৩৯০ কিলোমিটার দূরে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত ৪৬ জনের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রাথমিক পরিদর্শনে ৩৩৯টি বাড়ি ভেঙে পড়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য সামনে এসেছে। উদ্ধারকাজে নেমেছেন ৩০০-র বেশি পুলিশকর্মী। দুর্গম এলাকায় পৌঁছে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

ভূমিকম্পের আতঙ্কের ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে। কোথাও দেখা গিয়েছে, কম্পন শুরু হতেই আতঙ্কে রেস্তরাঁ থেকে বাইরে বেরিয়ে আসছেন কর্মীরা। আবার দোকানের তাক থেকে জিনিসপত্র পড়ে যেতেও দেখা গিয়েছে।

এদিকে, তিব্বতের ভূমিকম্পের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও আরেকটি কম্পনের খবর পাওয়া গিয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রাত ৮টা ২৯ মিনিটে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল অরুণাচল প্রদেশের পাংগিনের উত্তর-উত্তর-পশ্চিমে প্রায় ৫০৫ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top