
জোরাল ভূমিকম্পে চীনে মৃত্যু হল ১১ জনের। জখম ১২২ জন। স্থানীয় সময় সোমবার রাত ১১টা নাগাদ কেঁপে ওঠে চীনের দক্ষিণপশ্চিমাংশে সিচুয়ান প্রদেশের চ্যাঙ্গনিং কাউন্টির ইবিন শহরে। রিখটার স্কেলে কম্পনমাত্রা ৬। মাটি থেকে ১৬ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। প্রথমবার কম্পনের পর একাধিকবার আফটার শক হয়। তার মধ্যে সব থেকে জোরাল আফটার শকের তীব্রতা ছিল ৫.৩। চীনের জরুরি পরিষেবা মন্ত্রকের তত্ত্বাবধানে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছেন তিন শতাধিক দমকলকর্মী, জরুরি পরিষেবা দপ্তরের কর্মীরা। রয়েছে পুলিস এবং অ্যাম্বুল্যান্সও। জখমদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং ধ্বংসস্তুপের তলায় অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। ভূমিকম্প–বিধ্বস্ত এলাকার মানুষদের জন্য সোমবার রাতের মধ্যেই ৫০০০ তাঁবু, ১০০০০ ফোল্ডিং বেড এবং ২০০০০ লেপ পাঠিয়ে দিয়েছে চীনের জরুরি পরিষেবা মন্ত্রক এবং ন্যাশনাল ফুড অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভস্ অ্যাডমিনিস্ট্রেশন।


















