
হিজাব না পরে প্রকাশ্যে রাস্তায় নাচ! আর কেবল সেকারণেই বেধড়ক মার খেতে হল এক মহিলাকে। না এদেশে নয়, ঘটনাটি ঘটেছে ইরানে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, ইরানের রাশ্ত এলাকার রাস্তায় বেশ কিছু ব্যক্তি মিলে এক মহিলাকে মারধর করছে। একসময় পা ধরে টানতে টানতে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। গত ১৮ জুন ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাশিহ আলিনেজাদ নামে ইরানের এক মহিলা সাংবাদিক। সঙ্গে লেখেন, ‘দেখুন কীভাবে রাস্তায় হিজাব না পরায় এবং রাস্তায় নাচ করায় এক মহিলাকে হেনস্তা করা হচ্ছে। তাঁকে আটকও করা হয়েছে। আমার ক্যামরায় স্পষ্ট দেখা যাচ্ছে, কীভাবে হিজাব না পরায় ইরানের মহিলাদের উপর অত্যাচার চলছে। তাঁরা রাস্তাঘাটে নাচও করতে পারবেন না।’ ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে আচমকাই ঝামেলায় জড়িয়ে পড়েছেন ওই মহিলা। এমন সময় ওই ব্যক্তি মহিলাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তাঁর পা ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। অথচ আশপাশের লোকজন তখন সেই ব্যক্তিকে বাধা দেওয়ার বদলে গোটা ব্যাপারটি নিয়ে হাসাহাসি করছেন। এরপর ওই মহিলার মুখে ঘুষিও মারে ওই ব্যক্তি। আবার হিজাব না পরায় শেষপর্যন্ত আটক করা হয় ওই মহিলাকেই।
প্রসঙ্গত, নিয়ম রয়েছে ১৩ বছরের উর্ধ্বে ইরানের প্রত্যেক মহিলাকে হিজাব পরেই রাস্তায় বেরতে হবে। অন্যথায় তাঁদের বিপুল অঙ্কের জরিমানা এবং দু’মাসের জেল পর্যন্ত হতে পারে।


















