নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি, এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে নারায়ণগড়ের কুনারপুরে বাবলার কাছে গ্রামীণ রাস্তা থেকে কিছুটা দূরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। স্থানীয়দের দাবি, গলায় গামছার ফাঁস লাগানো ছিল, মুখও বাঁধা ছিল বলে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুদর্শন দে (৩৫)। বাড়ি কুনারপুর পঞ্চায়েত এলাকার পারুলদা। স্থানীয়দের বক্তব্য, আলু পেঁয়াজের ব্যবসায়ী সুদর্শন ভোরে মোটরবাইকে করে নারায়ণগড় আসছিলেন। সঙ্গে লক্ষাধিক টাকাও ছিল। দেহের কিছুটা দূরে বাইক, হেলমেট, টাকার ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। দেহের পাশ থেকে একটি ছুরিও পাওয়া গেছে। তবে নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে এলে দেহ তুলতে বাধা দেয় স্থানীয়রা। পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা জানালে ক্ষিপ্ত জনগণের পুলিশের একপ্রস্থ ধ্বস্তাধ্বস্তি হয়। স্থানীয়দের দাবি, কেউ বা কারা টাকা ছিনতাই করে খুন করেছে ব্যবসায়ীকে। কেননা এলাকায় ধ্বস্তাধ্বস্তির চিহ্ন আছে।



















